গুঞ্জনের অবসান ঘটিয়ে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানালেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে কন্যাসন্তান হওয়ার খবরটি জানান অভিনেত্রী নিজেই।জানিয়েছেন, তাদের মেয়ের নাম রেখেছেন শার্লিন খান।
বুবলী তার ফেসবুক পেজে লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
বুবলীর দেওয়া স্ট্যাটাস থেকে জানা যায়, গেল মে মাসের ১১ তারিখ কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। ২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।
