শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হাতের টানেই উঠে আসছে কার্পেটিং

হাতের টানেই উঠে আসছে কার্পেটিং

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজ শেষ হওয়ার আগেই সড়কের কার্পেটিং হাতের টানেই উঠে আসছে, যা নিম্নমানের নির্মাণসামগ্রী ও তদারকির ঘাটতির ইঙ্গিত দিচ্ছে। প্রায় ৭.৫ কিলোমিটার সড়কের এই সংস্কারকাজ নিয়ে এলাকাজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৭.৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। কাজটি বাস্তবায়ন করছে ইথুন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং দুর্বল হয়ে পড়ার বিষয়টি নজরে এসেছে।

এদিকে, সাম্প্রতিক টানা বৃষ্টির মধ্যেও সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সড়কের কিছু অংশে জমে থাকা বৃষ্টির পানি পুরোপুরি অপসারণ না করেই পিচ ঢালাই করা হয়েছে। ফলে নতুন করে করা কার্পেটিংয়ের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সংস্কারকৃত অংশের কিছু জায়গায় কার্পেটিং সহজেই উঠে আসছে, এতে প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হচ্ছে কি না, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের সংস্কার কাজে গুণগত মান নিশ্চিত করা না হলে সরকারি অর্থ ব্যয়ের সুফল দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন এলাকাবাসী।

এদিকে ইথুন এন্টারপ্রাইজের ম্যানেজার আসিফ কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করলেও এর দায় চাপালেন শ্রমিকশ্রমিকদের উপর। তার দাবি, শ্রমিকদের অসাবধানতার কারণেই কিছু স্থানে কার্পেটিং উঠে এসেছে।

ঘাটাইল উপজেলা প্রকৌশলী সফিকুল রহমান বলেন, বিষয়টি জানার পর আমরা সড়কটি পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি আশা করি এই ধরনের আর সমস্যা হবেনা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা