শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাটোরে বাসচাপায় সড়কে ঝরল দুই প্রাণ

নাটোরে বাসচাপায় সড়কে ঝরল দুই প্রাণ

রবিন খান, নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার বড়হরিশপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে বাসচাপায় সাব্বির (৪০) ও আবু সাঈদ (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ভ্যান চালক ও অপরজন ভ্যানযাত্রী।

নিহত সাব্বির সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের জয়নগর এলাকার জমসেদ আলীর ছেলে এবং আবু সাঈদ একই ইউনিয়নের বনকুড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের দাবি, সাব্বির মুরগির খামারে কাজ করেন। অপরদিকে আবু সাইদ বনকুড়ির অধিবাসী হলেও এখন রাজিবপুরে নতুন বাড়ি করে বসবাস করছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে জয়নগর থেকে ভ্যানে উঠে শহরে যাচ্ছিলেন সাব্বির। পথে রামাইগাছি এলাকায় পৌঁছলে ঢাকাগামী শিশির পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা বাসটি ধাওয়া করলে পাশে নাটোরের ঢাকা বাসস্ট্যান্ডে নিজ কাউন্টারের সামনে বাসটি রেখে চালক হেলপার গা ঢাকা দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক-নিরস্ত্র) মো. জাকির হোসেন জানান, বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর বাসটি বড় হরিশপুর বাস টার্মিনালে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা