শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবীর (সা.) জশনে জুলুশ অনুষ্ঠিত

সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবীর (সা.) জশনে জুলুশ অনুষ্ঠিত

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রতি বছরের মত এবারও নীলফামারীর সৈয়দপুর শহরে অর্ধ লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ও দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদে মিলাদুন্নবী (সা.) এর জশনে জুলুশ (আনন্দ শোভাযাত্রা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় সৈয়দপুর রেলওয়ে মাঠ থেকে এই শোভাযাত্রা বের হয়ে শহরের প্রায় ১০ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে রেলওয়ে মাঠেই দরুদপাঠ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত সোলেমানিয়া দরবার শরীফের গদ্দীনশিন পীরে তরিকত হযরত সৈয়দ মুহাম্মদ মেরাজ রাসুল আল কাদরী সোলেমানী। বিশেষ অতিথি ছিলেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ জাকিরুল মুনির, জাতীয় সংসদের নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন ও সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম।

ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্তের পাড়া মহল্লার মসজিদ, মাদরাসা, খানকাহ ও ক্লাব-সমিতি থেকে দলে দলে সমবেত হয় সৈয়দপুর রেলওয়ে মাঠে। এতে শিশু কিশোর বয়স্কসহ সর্বস্তরের মুসলমান অংশ গ্রহণ করে। পায়ে হেটে, অটোরিকশা ও পিক-আপে চড়ে নবীর মিলাদ এসেছে ধুম মাচালে সহ বিভিন্ন ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ উল্লাসের সাথে শোভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে। সবার হাতে কালেমা খচিত ও ফিলিস্তিনের পতাকা শোভা পায়। মুখে ছিলো রাসুল (সা.) এর জন্মদিনকে স্বাগত জানিয়ে শ্লোগান আর সমবেত নাত।

ফুল ও সৌন্দর্য বর্ধক বিভিন্ন উপকরণ দিয়ে নানা সাজে সাজানো ও পবিত্র ক্বাবা ও মসজিদে নববীর রেপ্লিকা সম্বলিত গাড়ি বহরে সুশোভিত হয়ে আতর মিশ্রিত পানি ও গোলাপ পানি ছিটিয়ে এবং মাইক ও সাউন্ড বক্সে উচ্চস্বরে উল্লাস প্রকাশ করে। পথে মোড়ে মোড়ে হাত নেড়ে শোভাযাত্রাকে শুভেচ্ছা জানানো হয়। এর আগে প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশালাকৃতির প্রায় ৩০-৪০ তোরণ নির্মাণ করা হয়েছে। গত কয়েক দিন ধরে রাতভর আলোকসজ্জা করা হয় এসব তোরণসহ বাসা বাড়ি ও সুউচ্চ ভবনগুলোতে। এভাবে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হয়েছে শোভাযাত্রা ও মিলাদুন্নবী (সা.) উৎসব।

ঘন্টাব্যাপী সমাবেশে আল্লাহর প্রিয় বন্ধু, বিশ্ব মানবতার মহান মুক্তিদাতা, রহমাতুল্লিল আলামীন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রতি সম্মিলিত দরুদপাঠ করা হয় এবং মুসলিম বিশ্বের শান্তি, নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর মুক্তি, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া মোনাজাত করা হয়। বিশেষ করে এই বিশেষ দিনে মুসলিমদের ঐক্য ও প্রীতির যে নিদর্শন পাওয়া তা সারাবছর নিজেদের মধ্যে বজায় রেখে শক্তিশালী মুসলিম বিশ্ব গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হয়।

সৈয়দপুরের আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি ও বিভিন্ন খানকাহর যৌথ উদ্যোগে আয়োজিত এই আনন্দ শোভাযাত্রা মুসলিম ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের উপলক্ষ হয়ে উঠুক এবং এটাকে কেন্দ্র করে আগামীতে সকল কাজে ঐক্যবদ্ধ কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয়ভাবে দল মত নির্বিশেষে সকলে মিলে উন্নত ও বৈষম্যহীন কল্যানময় সমাজ বিনির্মানে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা