মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : অত্যন্ত উৎসব মুখর ও প্রাণবন্ত পরিবেশে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের ময়মনসিংহ রোডের গাইটাল এলাকায় অবস্থিত অতিথি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী সভাপতি এ.কে.এম. মুজিবুর রহমান (বেলাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও বিশেষ অতিথি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
একই সঙ্গে নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রা আরও বেগবান করতে এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করতে চেম্বারের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান।
সভায় চেম্বারের বার্ষিক কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদায়ী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং নতুন পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, চেম্বারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
