শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ে সাক্ষরতা দিবসে নতুন প্রত্যয়, পিছিয়ে পড়াদের শিক্ষার আওতায় আনার আহ্বান

কাপ্তাইয়ে সাক্ষরতা দিবসে নতুন প্রত্যয়, পিছিয়ে পড়াদের শিক্ষার আওতায় আনার আহ্বান

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি : ‘সাক্ষরতা অর্জন করি, উন্নত জীবন গড়ি’ এই প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি সাক্ষরতার হার বৃদ্ধি, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনা, দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তারা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা