শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার

রাঙামাটিতে বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার, ২০ লিটার চোলাই মদ উদ্ধার

মো নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে পাঁচজন মাদক কারবারি ও দুইজন মাদকসেবীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেতু চাকমা (৪০), মো. আরমান (২৩) ও তরপন চাকমা (৫০)-এর হেফাজত থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আরাফাত ইসলাম তারেক (২৯) ও সাইফুল ইসলাম (৩১)-কে মাদক কারবারের অভিযোগে এবং মো. কামাল উদ্দিন (৪১) ও মো. নুর মিয়া (৪৪)-কে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাকসুদা হক বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকসেবীদেরও আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অ্যাডভোকেট মাকসুদা হক আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; মাদকের মূল উৎস, সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। মাদকমুক্ত রাঙামাটি গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত রাঙামাটি গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীমউদ্দীন বলেন,মাদকের বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত রাঙামাটি গড়তে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা