কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তখন দুপুরের কড়া রোদ। নিয়মিত টহল ডিউটি করছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এপিসি মোঃ আল মামুন সরকার। হঠাৎ তার চোখে পড়ে হাসপাতালের সামনে তীব্র শ্বাসকষ্টে ছটফট করছেন শুরিয়া বেগম নামের এক অসহায় ৮০ বছর বয়সী বৃদ্ধা।
বৃদ্ধার এই চরম আকুলতা দেখে মামুন সরকার একটুও কালক্ষেপণ করেননি। নিজ দায়িত্বে দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান এবং প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করে দেন।
এখানেই শেষ নয়, মামুন নিজ উদ্যোগে বৃদ্ধার পরিবারের খোঁজ নিয়ে তাদের হাসপাতালে আসার ব্যবস্থা করেন। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে বৃদ্ধাকে চিকিৎসাধীন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আনসার সদস্যের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের সরকারি হাসপাতালগুলোতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, আনসার সদস্যরা যে প্রতিনিয়ত সাধারণ মানুষের বিপদে পরম বন্ধু হয়ে উঠতে পারেন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই ঘটনাটি তারই এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
