রামগড়, (খাগড়াছড়ি) থেকে মো.মাসুদ রানা : রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে দশটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
বুধবার বিকেলে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ কয়লারমুখ বিওপি’র টহলদল ব্যাটালিয়ন অধিনায়কের দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/২ আরবি হতে আনুমানিক একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা নামক স্থানে ফাঁদ পেতে থাকে। টহলদল ভারত হতে তিনজন চোরাকারবারীকে দশটি ভারতীয় গরু সহ বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়। এক পর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা গরুগুলো রেখে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ছয় লক্ষ টাকা।
রামগড় ৪৩ বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য বিজিবি কর্তৃপক্ষ সকলকে অনুরোধ করেন।
