শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা-ইস্কফ উদ্ধার

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা-ইস্কফ উদ্ধার

হবিগঞ্জ থেকে লিটন পাঠান : হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে মাদক বহনকারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (১৮-সেপ্টেম্বর)২০২৬ ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার জয়নগর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর ধর্মঘর বিওপির টহল দল।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৯৯২/২২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় অবস্থান নেয় টহল দল। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে ১৪-১৫ জন ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশের দিকে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগগুলো তল্লাশি করে পলিথিন ও কাগজ দিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করেন।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, উদ্ধার করা ভারতীয় মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা