শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ অষ্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, উপজেলা সভাপতিকে কারণ দর্শনার নোটিশ

অষ্টগ্রামে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, উপজেলা সভাপতিকে কারণ দর্শনার নোটিশ

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের এমপি মো. মাজহারুল ইসলাম কারণ দর্শানোর নোটিশ দেন। মো. মাজহারুল ইসলাম এমপি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে জলমহাল দখলকে কেন্দ্র করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়।

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে অস্ত্রসহ সংঘর্ষে ঘটনা ঘটে-উল্লেখ করে কারণ দর্শানো নোটিশ বলা হয়, পূর্ব অষ্টগ্রামে আখড়া বাজারে বিল মাসকা জলমহাল নিয়ে মারামারিতে বেশ কয়েকজন নেতাকর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ অবস্থায় বিএনপি নেতা সৈয়দ সাঈদ আহমেদ এর বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না-তার কারণ জানাতে আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এমপি ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এমপির কাছে ব্যাখ্যা দিতে সৈয়দ সাঈদ আহমেদকে নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল।

শাহীন জলমহালটি ইজারা নিয়ে ভোগদখল করা অবস্থায় উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ এটি দখল করে নেয়। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা