কাপ্তাই থেকে নুর মোহাম্মদ : রাঙামাটির কাপ্তাইয়ের চিৎমরমে সরকারের লিফলেট বিতরণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এতে নাজমুল হক (৩৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চিৎমরম বাজারে বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের ‘গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে সরকার’ শীর্ষক লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ৮-১০ জনের একটি প্রতিপক্ষ গ্রুপ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
হামলায় কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য ও চিৎমরম ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক আহত হন। পরে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া হামলাকারীরা নাজমুলের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।
চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও এমপি অ্যাড. দীপেন দেওয়ানের কাপ্তাই প্রতিনিধি মংসুইপ্রু মারমা পৃথক বক্তব্যে হামলার জন্য প্রতিপক্ষের একটি গ্রুপকে দায়ী করেছেন।
অন্যদিকে, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে চিৎমরমে দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
