শ্রীমঙ্গল থেকে শাহাব উদ্দিন আহমদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক চা শ্রমিকের বসতঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনি থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক সুসেন মুন্ডার বসতঘরে সাপটি ঢুকে পড়ে। ঘরের ভেতরে সাপ দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে বিষয়টি সাংবাদিক রাজেশ ভৌমিককে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে সাপটির অবস্থান শনাক্তের চেষ্টা শুরু করেন। একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ পেয়ে সেটি সরালে সেখানে পদ্ম গোখরাটিকে দেখা যায়। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকারী দলের সদস্যরা জানান, পদ্ম গোখরা অত্যন্ত বিষধর সাপ। উদ্ধারের পর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে, বাড়িতে কোনো সাপ বা বন্যপ্রাণী ঢুকে পড়লে নিজেরা ধরার চেষ্টা না করে দ্রুত বন বিভাগ অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিতে। একইভাবে কোনো পশুপাখি আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।
