শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫

মুরাদনগরে ১৫ দিনে কারাগারে ২৮ কিশোর, অভিভাবকদের জিম্মায় ৫৫

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উঠতি বয়সী অপরাধীদের দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় গত ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ দিনে পরিচালিত বিশেষ কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে সুনির্দিষ্ট অভিযোগে ২৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং অপরাধের সাথে প্রত্যক্ষ সম্পৃক্ততা না থাকায় ৫৫ জন কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্টতার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি কিশোরদের বিপথগামী হওয়া ঠেকাতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং কিশোর গ্যাং ও মাদকের মূলোৎপাটনে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা