বৃহস্পতিবার | অক্টোবর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আশঙ্কাজনক ৪

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে মিনিট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আশঙ্কাজনক ৪

উখিয়া কক্সবাজার থেকে আবু বক্কর সিদ্দিক /ফারহদ রাহমান : ‎কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী সিএনজি ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক।
‎
‎​শনিবার সকাল ১০টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
‎
‎​নিহতরা হলেন— রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার কেফায়েত উল্লাহর ছেলে সিএনজিচালক এনায়েত উল্লাহ (২৭) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পণ্ডিতপাড়া এলাকার সজীব আলী (২৫)। সজীব পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন।

‎​দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিরা হলেন— উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বাসিন্দা হেলাল উদ্দিন, রুজিনা আক্তার ও আনোয়ারা বেগম এবং রামুর বাসিন্দা নুরুল আবছার।
‎
‎​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হোয়াইক্যং স্টেশনমুখী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।
‎
‎​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। চালক এনায়েত উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উখিয়ার পালংখালী স্টেশন এলাকার তাজমান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত অন্য যাত্রীদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ফেরিওয়ালা সজীব আলীকে মৃত ঘোষণা করেন। আহত চারজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জেলা সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
‎
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও মিনিট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং মিনিট্রাকের চালক সাইফুল ইসলামকে (২১) আটক করা হয়েছে।
‎
‎​তিনি আরও জানান, নিহত সিএনজিচালকের মরদেহ তাজমান হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপর নিহত সজীব আলীর মরদেহও বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা