শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নরসিংদী থেকে আসার পথে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই গুলিবিদ্ধ ১, আহত ৪

নরসিংদী থেকে আসার পথে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই গুলিবিদ্ধ ১, আহত ৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে নরসিংদী হতে ৪ কোটি টাকা নিয়ে আসার পথে প্রাইভেট কারের গতিরোধ করে বিকাশের এক ক্যাশ ম্যানেজারকে গুলি দুই বস্তা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই কর্মকর্তা ও গাড়িচালককে মারধর করে আহত করা হয়েছে । গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার হিমেলকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার(৯ অক্টোবর)সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হিমেলের (৩৫) বাড়ি শ্রীপুর পৌর এলাকা বেড়াইদের চেলা গ্রামে । তিনি মাওনা বিকাশের ক্যাশ ম্যানেজার। আহত অন্যরা হলেন ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), মাওনা বিকাশের সুপারভাইজার রিফাত (২০) এবং গাড়িচালক লাল মিয়া (২৫)।

হামলার শিকার বিকাশকর্মীরা জানান, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে তারা চার কোটি টাকা সংগ্রহ করেন। তিনটি প্লাস্টিকের বস্তায় টাকা ভরে ঢাকা মেট্রো-গ ৩৫-০৭০১ নম্বরের একটি প্রাইভেটকারে করে তিন কর্মকর্তা নরসিংদী থেকে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হন।

তাদের বহনকারী গাড়িটি শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর গ্রামের বনবেষ্টিত এলাকায় পৌঁছালে ১২ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। এরপর গাড়ির কাচ ভেঙে ভেতরে থাকা ক্যাশ ম্যানেজার হিমেলের পেটে গুলি করে তারা। পরে তাকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে বিকাশের অপর দুই কর্মকর্তা ও গাড়িচালককে বেধড়ক মারধর করা হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা গাড়ির পেছনের ডালার ভেতরে থাকা টাকা ভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ আড়াই কোটি টাকা হতে পারে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত চারজন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে গুলিবিদ্ধ হিমেলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক সরকার জানান, আহত অবস্থায় চারজন হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজনের পেটে গুলিবিদ্ধ হওয়ার ক্ষত রয়েছে। তাঁকে জরুরি ভিত্তিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার শিকার ব্যক্তিদের সঙ্গে কোনো নিরাপত্তাব্যবস্থা ছিল না বলেও জানা গেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, চার কোটি টাকা বহনের জন্য বিকাশের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়নি, নরসিংদী, কাপাসিয়া এবং শ্রীপুর এলাকার ওপরদিয়ে টাকা গুলো বহন করা হলেও এই তিন থানার মধ্যে কোন থানাকে অবহিত করেনি কিংবা ৯৯৯তেও ফোন করেনি। তিনি জানান,বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানার পর তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। থানায় নিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা জানান ৪ কোটি টাকা তিন বস্তায় ছিল, এর মধ্যে দুই বস্তা নিয়ে গেছে। আনুমানিক আড়াই কোটি টাকার মতো ছিনতাই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা