বৃহস্পতিবার | অক্টোবর ১৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিরোজপুরের কৃতী সন্তান সাংবাদিক আমির খসরু আর নেই

পিরোজপুরের কৃতী সন্তান সাংবাদিক আমির খসরু আর নেই

পিরোজপুর থেকে এস,এম সিপার : পিরোজপুরের আকাশে আজ শোকের ছায়া। জেলার কৃতী সন্তান ও জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই। দীর্ঘদিন ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করা এই সংবাদকর্মী শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পিরোজপুরের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের আবহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর আমির খসরুকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

আমির খসরু দীর্ঘদিন ভয়েস অব আমেরিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর। দীর্ঘ কর্মজীবনে সংবাদমাধ্যমের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তিনি। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ সংবাদকর্মীর বিদায় ঘটল।

পিরোজপুর শহরের সিআইপাড়া এলাকার বাসিন্দা আমির খসরু ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিমের জ্যেষ্ঠ সন্তান। পেশাগত জীবনে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও পিরোজপুরের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক ছিল নিবিড়।

জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর,পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কেএম সাঈদ এবং সাধারন সম্পাদক এস এম সিপার।

আমির খসরুর ছোট বোন, জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আমির খসরুর মৃত্যুতে পিরোজপুরের সাংবাদিক সমাজ হারালেন তাঁদের একজন জ্যেষ্ঠ সহকর্মীকে। তাঁর কর্মময় জীবনের স্মৃতি ও সাংবাদিকতায় অবদান সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মনে অমলিন হয়ে থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা