ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর হামলার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এ সময় তাঁর সন্তানকে অপহরণের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসকরা।
১০ অক্টোবর দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা প্রাইমারি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ডের তিশা হোটেলের মালিক জসিমের ভাইয়ের ছেলে শাকিল ও তাঁর ভাগিনা রেদওয়ানের নেতৃত্বে একদল কিশোর শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর হামলা চালায়। এ সময় তাঁর সন্তানকে অপহরণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শাকিলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
এদিকে, শিক্ষক মোস্তাক আহমেদ খানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তথা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
শিক্ষকের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় শিক্ষক সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
