শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে একজনের মুত্যু ও ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামে বেওয়ারিশ কুকুরের কামড়ে আমিরুল ইসলাম (আমেরিকা)(৫৫) নামে একজনের মুত্যু হয়। সে ওই গ্রামের মৃত আলতাফ হোসেন শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় ,গত ২৩সেপ্টেম্বর সকালে বাড়ীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বেওয়ারিশ কুকুর তার দিকে তেড়ে আসে। সে আত্মরক্ষার জন্য নিচু হয়ে নিজের পায়ের স্যান্ডেল খুলতে গেলে কুকুরটি তার কপালে কামড় দেয়। এর আগে একই সময়ে ঐ কুকুরটি ওই এলাকার মান্নান কাজী (৮০), সিনথিয়া (৭), জোবায়ের (৯), হযরত (২২), খয়রা বেগম (৬০) সহ ৬ জনকে কামড় দেয়। পরে এলাকাবাসী মিলে কুকুরটি মেরে ফেলে।
আহতরা তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসাসহ ভ্যাকসিন নিয়ে আসে। পর্যায়ক্রমে তারা ভ্যাকসিনের ডোজ শেষ করে।
গত ৪ অক্টোবর আমিরুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার সময় আমিরুল ইসলাম মারা যান। আহতদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জলাতঙ্ক ভাইরাস এক্টিভ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
বেওয়ারিশ কুকুর গুলোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।
