শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিলাইছড়িতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বিলাইছড়িতে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বিলাইছড়ি থেকে মোঃ মোজাফফার আহমেদ : বিলাইছড়ি, রাঙামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর বাদে আসর বিলাইছড়ি মুসলিম এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিলের শুরুতে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম বাদে আসর দ্বীনি আলোচনা, ওয়াজ ও নসিহত পেশ করেন।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে মূল্যবান ওয়াজ ও নসিহত পেশ করেন চট্টগ্রাম নূরে মদিনা মডেল হেফজখানা ও এতিমখানার পরিচালক মুফতি মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী। বিশেষ আলোচক হিসেবে দ্বীনি আলোচনা ও হেদায়েতি বক্তব্য রাখেন রাঙামাটির কোতোয়ালীস্থ আল-নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল হায়াত মিয়াজী, বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শিব্বির আহমেদ, হাফেজ মাওলানা আবদুর সবুর এবং কাউখালী মুহিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাসুম হোসাইনসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফিল উদযাপন কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ এবং ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ সময় মাহফিল উদযাপন কমিটির অর্থ সম্পাদক মোঃ নাছিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, ইসলামের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা