মহেশপুর, ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সিরাজী : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গা খলিফা পাড়ায় বাড়ির পাশের পানিভর্তি গর্তে পড়ে রক্সি নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হান্নান মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় রক্সি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পানিভর্তি একটি গর্তে পড়ে যায় সে।
কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান। পরে গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চার বছর বয়সী শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে শোকের মাতম চলছে এলাকাজুড়েও।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবায়দুল হক।
