রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম মোহাম্মদ সাঈদ। তিনি সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশের ব্যবসা করেন।
আহতের স্বজনদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাঈদ। পথে মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন আহতের স্বজনেরা। তাদের দাবি, হামলাকারীদের মধ্যে সাঈদ তাকে চিনতে পেরেছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গণমাধ্যমের মাধ্যমে ঘটনাটি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রকাশ্যে এ ধরনের হামলা ও বিপুল পরিমাণ টাকা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
