শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের থানা পাড়ায় দীর্ঘদিনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে ওৎ পেতে জাকিয়া সুলতানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আরেক স্কুলছাত্র ইমনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে থানা পাড়ায় ক্রিসেন্ট ক্লাবের কাছে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
তার বাবা একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে পরিবারটি কুষ্টিয়া শহরের থানা পাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া।
এ সময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরিহিত ইমন গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে ছুরিটি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে শূন্য পাস, ১৫ কলেজের অধ্যক্ষকে তলব দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। সেও একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্ত্যক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দেয় ইমন। তবে পরিবারের ধারণা, তার অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়াকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে।
জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন আর বিরক্ত করেনি। আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় ছিল। এ সময় ইমন হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আমি বর্তমানে অপারেশন থিয়েটারে অবস্থান করছি। ভুক্তভোগীর অবস্থা ভালো আছে। তার সেলাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
