বুধবার | নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারের কলাতলী সৈকত পাড়ায় ভয়াবহ আগুন

আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা :

কক্সবাজারের কলাতলী সৈকত পাড়ায় ভয়াবহ আগুন

রিয়াজ উদ্দিন, কক্সবাজার: পর্যটননগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে শহরের কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার কথা ভেবে হোটেল ও ঘরবাড়ি থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে অনেকেই তাৎক্ষণিকভাবে হোটেল থেকে বেরিয়ে আসেন।

এক মাসের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ড
কক্সবাজারের পর্যটন এলাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

এবার কলাতলীর হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটন এলাকার হোটেল, রিসোর্ট ও আবাসিক স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে।
পর্যটননির্ভর কক্সবাজারে প্রতিদিন দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক অবস্থান করেন। এ অবস্থায় হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, ফায়ার অ্যালার্ম এবং নিরাপত্তা সরঞ্জাম কার্যকর রয়েছে কি না, তা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা