বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ ভ্রমণ দীর্ঘ ক্লান্তির শেষে আনতালিয়া, রাতের শহরে নতুন বিস্ময়

COP৩১-এর পথে এক সাংবাদিকের তুরস্ক ভ্রমণকাহিনি

দীর্ঘ ক্লান্তির শেষে আনতালিয়া, রাতের শহরে নতুন বিস্ময়

জাহাঙ্গীর খান বাবু : সারারাতের দীর্ঘ যাত্রা। এরপর দুপুর গড়িয়ে বিকেলের পথে। ক্লান্ত, অনেকটা বিধ্বস্ত অবস্থায় আমরা নয়জন সহকর্মী এসে নামলাম তুরস্কের আনতালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছানোর পর শরীর আর চলতে চাইছিল না। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আনন্দ আর নতুন পরিবেশ দেখার কৌতূহল আমাদের এগিয়ে নিচ্ছিল।

আগেই জেনেছিলাম, বাস টার্মিনাল থেকে শাটল ট্রেনে যেতে হবে COP৩১ সম্মেলনের ভেন্যুতে। টার্মিনালের ছোট ছোট সাইনবোর্ডে তারকা চিহ্নিত নির্দেশনা অনুসরণ করে লাগেজ হাতে এগোতে থাকলাম। নয়জনের দল। তারপরও পথ চিনতে নিরাপত্তাকর্মীদের সাহায্য নিতে হচ্ছিল। এভাবেই সুরঙ্গপথ ধরে এগিয়ে একসময় পৌঁছে গেলাম একটি স্টেশনে।

বাংলাদেশের সঙ্গে তুরস্কের সময়ের ব্যবধান তিন ঘণ্টা। সময়ের হিসাব মাথায় রেখেই অচেনা পরিবেশে এগিয়ে চলেছি। কিছুক্ষণ অপেক্ষার পর এসে গেল শাটল ট্রেন। আমরা উঠে পড়লাম।

ট্রেনের ভেতরে চারদিকে তাকিয়ে মনে হচ্ছিল, সাদা চামড়ার মানুষের ভিড়ে আমাদের চেহারাই বলে দিচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার মানুষ। এখানকার শাটল ট্রেনগুলোও বেশ আলাদা। প্রতিটি দরজার ওপরে চোখ রাখলেই দেখা যায় স্টেশনগুলোর তালিকা। আমাদের গন্তব্য COP৩১ স্টেশন।

দরজার পাশে একটি আসনে বসেছিলাম। এমন সময় এক ভদ্রলোক হাতে ব্যাগ নিয়ে উঠলেন। ব্যাগে থরে থরে সাজানো আঙুর। টসটসে আঙুর দেখে খেতে ইচ্ছে করছিল। কৌতূহল সামলাতে না পেরে জানতে চাইলাম, এখানে আঙুরের দাম কত? কিন্তু ভাষার সমস্যায় প্রথমে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। তুর্কি ভাষায় কথা বলেন এখানকার অধিকাংশ মানুষ; ইংরেজি বোঝেন এমন মানুষের সংখ্যাও খুব বেশি নয়।

একসময় ভদ্রলোক আমার ইঙ্গিত বুঝতে পারলেন। এমনকি আঙুর দিতে চাইলেন। কিন্তু আশপাশে বাংলাদেশি সহকর্মীরা বসে আছেন। তাঁদের সামনে অপরিচিত একজনের কাছ থেকে আঙুর নেওয়াটা কেমন দেখাবে, সেই সংকোচে আমিও প্রসঙ্গ ঘুরিয়ে অন্যদিকে মন দিলাম।

এভাবেই একসময় ট্রেন এসে থামল COP৩১ স্টেশনে।

স্টেশন থেকে নেমে ফুটওভার ব্রিজ পার হয়ে সামনের দিকে এগোলাম। নির্দেশনা অনুযায়ী ভেন্যুর রেজিস্ট্রেশন গেটের দিকে যেতে হবে। লাগেজ স্ক্যানিং শেষে রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম। হাতে পেলাম ফিতা লাগানো পরিচয়পত্র। সম্মেলনের ভেন্যুতে প্রবেশ, বের হওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহারের জন্য এই আইডি কার্ড গুরুত্বপূর্ণ। তাই গলায় ঝুলিয়ে নিলাম।

ভেতরে প্রবেশ করতেই গ্রিন জোনে মিডিয়া সেন্টার। নিরাপত্তাকর্মীরা পথ দেখিয়ে দিলেন। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম সাংবাদিকদের কর্মস্থল মিডিয়া সেন্টারে।

সেখানে দেখা হলো চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মুকিত মজুমদার বাবুর সঙ্গে। তাঁকে বেশ ব্যস্ত মনে হলো। নিউজ নিয়ে ব্যস্ততার মধ্যেই আরও কয়েকজন বাংলাদেশি সহকর্মীর সঙ্গে দেখা হয়ে গেল। পরিচিত মুখগুলো অচেনা পরিবেশে যেন খানিকটা স্বস্তি এনে দিল।

বাংলাদেশের সহকর্মী ইসরাফিল আমাকে ইনফরমেশন সেন্টারে নিয়ে গেলেন। সেখান থেকে প্রয়োজনীয় নিবন্ধন শেষে লকারের চাবি সংগ্রহ করলাম। ফিরে এসে একটি কম্পিউটারে বসে কাজ শুরু করলাম। তবে ব্যাগ-লাগেজ তখনো সঙ্গেই।

নয়া দিগন্তের সহকর্মী জাফর ভাই এবং ইত্তেফাকের মিজান—আমরা তিনজন একসঙ্গে ছিলাম। পরামর্শ করলাম, আপাতত একটি হোটেলে রাত কাটানো দরকার। যদিও আমার জন্য এক দিন পর থেকে একটি ফ্ল্যাটে রুম বুক করা রয়েছে। সেখানে বাংলাদেশ থেকে আমার দুই রুমমেট আসবেন। একজন পরদিন, অন্যজন তারও এক দিন পর। ফলে প্রথম রাতের জন্য বিকল্প ব্যবস্থা করতেই হবে।

এবার আমাদের যাত্রা ইউসুফপালা স্টেশনের দিকে। বৈশাখী টেলিভিশনের এক সিনিয়র সহকর্মী সেখানে একটি হোটেলে থাকেন। তাঁর সঙ্গে যোগাযোগ করেই রওনা হলাম। আমাদের সঙ্গে ছিলেন একজন পলিটিক্যাল অবজারভারও।

পথ ধরে এগোতে এগোতে অবশেষে ইউসুফপালা স্টেশনের কাছেই একটি হোটেলে উঠলাম। হোটেলটি বেশ সাদামাটা। তবে একটি সিঙ্গেল রুম পেয়ে গেলাম। ভাড়া সাড়ে ৬০০ তুর্কি লিরা।

রুমে ঢুকে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম। নতুন শহর, নতুন পরিবেশ, চারপাশে অচেনা মানুষ—সবকিছুই দেখার আগ্রহ। তার ওপর প্রচণ্ড ক্ষুধা।

হোটেলের এক গলি পরেই একটি ছোট রেস্টুরেন্ট চোখে পড়ল। কাস্টমারের আনাগোনা কম। খাবারের তালিকায় সবই অপরিচিত নাম। তবে প্রতিটি খাবারের সামনে দাম লেখা আছে। দাম দেখে প্রথমেই চমকে উঠলাম। কোনো খাবারের দাম ২০০ লিরা, কোনোটি ৩০০ লিরা। বাংলাদেশি টাকায় হিসাব করলে ৩০০ লিরা মানে প্রায় ৯০০ টাকা!

একটি আইটেম দিয়ে পেট ভরবে কি না, সেটাও ভাবছিলাম। রেস্টুরেন্টের এক নারীকে জিজ্ঞেস করলাম, তুলনামূলক কম দামের খাবার কী আছে। ভাষার সমস্যায় প্রথমে বোঝাতে পারছিলাম না। পরে মোবাইলের অনুবাদ সুবিধা ব্যবহার করে তাঁকে জানালাম, ১০০ লিরার মধ্যে কিছু খেতে চাই।

আমার জীবনসঙ্গী পাশে বসে ছিলেন। তিনি বললেন, ওই নারীকে ফিরিয়ে দিতে নেই। নারীটি আমাকে ১০০ লিরার বিনিময়ে এক বাটি স্যুপ খাওয়ানোর ব্যবস্থা করলেন। সঙ্গে পাউরুটি বিনা মূল্যে।

স্যুপটি দেখতে অনেকটা ঘন করে রান্না করা মসুর ডালের মতো। রুটি দিয়ে বেশ তৃপ্তি করে খেলাম। এক বোতল পানির দাম ১৫০ লিরা দেখে আর পানি কিনলাম না। ব্যাগে নিজের পানি ছিল।

মনে মনে ভাবলাম, বাংলাদেশি টাকায় মাত্র ৩০০ টাকায় স্যুপ আর রুটি দিয়ে বেশ পেট ভরে খাওয়া হলো। বিদেশের মাটিতে অচেনা খাবারের মধ্যেও এমন তৃপ্তি মন্দ নয়!

খাওয়া শেষে আবার হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে বের হলাম। আশপাশের দোকানপাট দেখতে হবে। একটি বড় দোকানে নানা রকম বিচি, শুকনো ফল ও খাবারের সমাহার। মোবাইল হাতে ভিডিও করতে শুরু করলাম। দোকানের এক তরুণী এগিয়ে এলেন। ইংরেজি অল্প অল্প বোঝেন। ফলে কথাবার্তায় কিছুটা সুবিধা হলো।

রাতের আলোয় ইউসুফপালা এলাকা তখন বেশ ব্যস্ত। চারদিকে দোকানপাট, মানুষের চলাচল, নানা রকম খাবারের আয়োজন। পথ হারিয়ে ফেলার আশঙ্কায় মোবাইলে রাস্তার ছবি তুলে রাখলাম। অচেনা শহরে পথ চিনে রাখার এটিও একটি কৌশল।

এমন সময় বৈশাখী টেলিভিশনের ক্যামেরাপারসন শাহীন আমাকে ডাকলেন। তিনি আমার পূর্বপরিচিত। কাছে গিয়ে দেখি, হোটেলে বসে তাঁরা রাতের খাবার শেষ করছেন। তাঁর সঙ্গে থাকা রিপোর্টারের সঙ্গেও পরিচয় হলো। দুজন মিলে রাতের খাবারে খরচ করেছেন দেড় হাজার লিরা। বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার টাকা!

দামের হিসাব শুনে আবারও অবাক হলাম। বিদেশের মাটিতে একই শহরে কেউ ১০০ লিরায় স্যুপ-রুটি খেয়ে তৃপ্ত, আবার কেউ দেড় হাজার লিরায় রাতের ভোজ সারছেন। জীবনযাত্রার ব্যবধান যে কত বিচিত্র!

এরপর শাহীন আমাকে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। জানালেন, আমরা যে এলাকায় আছি, এখানকার এই পথ চলে গেছে সমুদ্রের দিকে। দুপাশে পুরোনো ভবন, নানা রকম দোকানপাট, সামুদ্রিক খাবারের আয়োজন। কোথাও নাইট ক্লাব, কোথাও বার, আবার কোথাও স্পা সেন্টার। রাতের আমতালিয়া যেন অন্য এক রূপে সেজেছে।

শাহীন বললেন, এটি আনতালিয়ার পুরোনো শহর।

হাঁটতে হাঁটতে চোখে পড়ল ফুটপাতের এক হকারের কাছে ঝিনুকের খোলসে পরিবেশন করা ভাত। দেখতে বেশ আকর্ষণীয়। কৌতূহলবশত কিনে খেয়ে ফেললাম। বিদেশের পথে এমন বিচিত্র খাবারের স্বাদ নেওয়ার আনন্দই আলাদা।

এরপর কিনলাম একটি বড় আকারের আনার। ওজন আধা কেজিরও বেশি হবে। আমরা তিনজন মিলে ভাগ করে খেতে শুরু করলাম। কিন্তু আনারটি যেন শেষই হতে চায় না। স্বাদও কিছুটা টকটকে। শেষ পর্যন্ত আনারের রসে তিনজনের হাত ভিজে গেল। অবশিষ্ট অংশ ফেলে আবার হাঁটতে শুরু করলাম।

আরও সামনে সমুদ্রের কাছাকাছি গিয়ে দেখলাম জাহাজ নোঙর করা। দূরে উঁচু স্থানে সুন্দর একটি রেস্ট হাউসের আলো জ্বলছে। সমুদ্রের পাড়ে জাহাজের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। শাহীন জানালেন, দিনের বেলায় এসব জাহাজ যাত্রী নিয়ে সমুদ্র ভ্রমণে যায়, আবার ফিরে আসে।

আঁকাবাঁকা পথ ধরে কিছুটা ওপরে উঠে একটি রেস্ট হাউসের সামনে গেলাম। সেখান থেকে অন্য একটি পথ ধরে ফিরতে শুরু করলাম।

ততক্ষণে রাত প্রায় ১২টা। নাইট ক্লাবগুলোর সামনে সবুজ আলোর ঝলকানি, ভেতর থেকে ভেসে আসছে সংগীত। রাত গভীর হলেও আনতালিয়ার পুরোনো শহর তখনো জেগে আছে।

শাহীন ক্লান্ত, আমিও ক্লান্ত। গত পরশু রাত ১১টায় বাসা থেকে বের হয়েছি। এরপর সারারাত বিমানে যাত্রা। পরদিন সন্ধ্যায় ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ। সেখান থেকে এয়ারপোর্ট বাসে অটো গেট, তারপর রাতের কোচে আনতালিয়ার পথে যাত্রা। দীর্ঘ পথ, একের পর এক যানবাহন বদল, ঘুমহীন সময়—সব মিলিয়ে শরীর তখন প্রায় নিস্তেজ।

তারপরও অচেনা শহরের পথ, মানুষ, খাবার, সমুদ্র আর রাতের আলো আমাদের টেনে নিয়ে চলছিল।

তুরস্কের পথঘাটে কত বৈচিত্র্য! কোথাও আধুনিক যোগাযোগব্যবস্থা, কোথাও প্রাচীন শহরের স্মৃতি, কোথাও সমুদ্রবন্দরের ব্যস্ততা, আবার কোথাও রাতের জীবনের উচ্ছ্বাস। সবকিছুই নতুন, সবকিছুই দেখার মতো।

আজ ১৩ নভেম্বর। ২২ নভেম্বর দেশে ফেরার উদ্দেশে রওনা হব। মাঝের এই সময়টুকু কাটবে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP৩১-এর কর্মব্যস্ততায়। সাংবাদিক হিসেবে সংবাদ সংগ্রহ, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ এবং সম্মেলনের নানা আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে হবে।

কিন্তু সম্মেলনের কাজ শুরুর আগেই আনতালিয়ার এই প্রথম রাত আমাকে দিয়ে গেল একগুচ্ছ নতুন অভিজ্ঞতা। অচেনা শহরের পথে হাঁটতে হাঁটতে কখন যে নিজের ক্লান্তির কথা ভুলে গিয়েছিলাম, বুঝতেই পারিনি।

শেষ পর্যন্ত হোটেলে ফিরে এলাম। সারাদিনের ক্লান্তি শরীরে জমে ছিল। বিছানায় গা এলিয়ে দিতেই কখন ঘুমিয়ে পড়লাম, টেরও পেলাম না।

এক দীর্ঘ যাত্রার শেষে আনতালিয়ায় প্রথম রাত। সামনে COP৩১, আর অপেক্ষায় নতুন অভিজ্ঞতার আরও অনেক গল্প।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা