রকসী সিকদার, চট্টগ্রাম : বান্দরবানের লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাম্যাখোলা এলাকার ফকরুলের মালিকানাধীন এসবিএম ইট ভাটায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত যুবক সাইফুল রাম্যাখোলা গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়,শুক্রবার ভোর রাত ৫ টার দিকে ইটভাটার জন্য পাহাড় থেকে মাটি কেটে গাড়ি বোঝায়ের সময় গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে নিহতের স্বজনেরা জানায়,সাইফুল দশম শ্রেণির স্কুল ছাত্র, পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে ইটভাটায় কাজ করতেন। কিন্ত এস বি এম ইটভাটার কেরানী আলমগীরের মালিকানাধীন মাটিবাহী গাড়িটি চালকের পরিবর্তে হেলপার দিয়ে চালানোর কারণে অসাবধানতা বশত এই দূর্ঘটনা ঘটেছে।
এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।