এস,এম সিপার,পিরোজপুর প্রতিনিধি
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। বুধবার (২০ মে) পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) যুগল বিশ্বাস।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। দুর্ঘটনা-দুর্যোগে তারা সবার পাশে সবার আগে উপস্থিত হন এবং জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন। এজন্য মানুষ তাদের দুঃসময়ের বন্ধু মনে করে। এই ধারা অব্যাহত থাকলে তারা আরও বেশি জনআস্থার জায়গা তৈরি করতে পারবেন।