প্রতিনিধি ডিব্রুগড়: দেশের অন্যান্য স্থানের পাশাপাশি ডিব্রুগড়েও আজ ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র উৎসব “ইদুজ্জোহা” পালন করেন। সকাল থেকে আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ায় আনন্দ-উল্লাসের সঙ্গে ইদগাহে নামাজ আদায়ের জন্য মানুষ দলে দলে বেরিয়ে এসে ইদের জামাতে অংশগ্রহণ করেন। গ্রাহাম বাজারস্থিত “কেন্দ্রীয় ইদগাহ”-এ প্রায় ৭/৮ হাজার মানুষ ইদের নামাজে অংশ নেন। “ডিব্রুগড় কেন্দ্রীয় ইদগাহ ময়দান”-এ অনুষ্ঠিত ইদের জামাতে ইমামতি করেন ডিব্রুগড়ের ডিব্রুজান মসজিদের পেশ ইমাম মৌলানা আলহাজ ছবির আহমেদ। নামাজ শেষে ইমাম সাহেব জাতি-ধর্ম-ভাষা-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সমন্বয় ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং বিশ্বশান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দেশ, সমাজ তথা ডিব্রুগড়বাসীর মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করেন। ডিব্রুগড়ের আমোলাপট্টিস্থ “আলহাজ জালালউদ্দিন আহমেদ ঈদগাহ”-এ প্রায় তিন হাজার মানুষ নামাজে অংশগ্রহণ করেন। সেখানে ইমামতি করেন অসম জামিউল উলুম মাদ্রাসার প্রধান মৌলানা আলহাজ মনজুর আহমেদ। তিনি বিশ্বশান্তি ও সকলের মঙ্গল কামনা করে দোয়া করেন। এছাড়াও ডিব্রুগড়ের ৩০টি মসজিদে শান্তিপূর্ণভাবে ইদের নামাজ অনুষ্ঠিত হয়। ডিব্রুগড়ের নালিয়াপুল জামে মসজিদের পেশ ইমাম মৌলানা সৈয়দ মোবারক হুসেইন, ডিব্রুগড় কনভয় রোড নয়া মসজিদের পেশ ইমাম হাফিজ ইনামুল আলি, দক্ষিণ আমোলাপট্টি রোজগলি মসজিদের পেশ ইমাম মৌলানা আবু তালিব, তিনিকুনিয়া মসজিদের পেশ ইমাম মৌলানা আতিকুর রহমান কাসেমি এবং পল্টন বাজার মসজিদের পেশ ইমাম মৌলানা তনবীর সাকবী নিজের নিজের মসজিদে ইদের নামাজে ইমামতি করেন। ডিব্রুগড় গ্রাহাম বাজারস্থিত কেন্দ্রীয় ইদগাহ সমিতির সভাপতি আলহাজ আমানুল্লা আনসারি এবং সম্পাদক আলহাজ চৌকত আলি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পৌর নিগমসহ জাতি-ধর্ম-ভাষা-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।ডিব্রুগড় সদর এলাকার অতিরিক্ত পুলিশ সুপার নয়ন মণি বরুয়া ডিব্রুগড়ে ইসলাম ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে ইদ উদযাপনের জন্য সকলকে ধন্যবাদ জানান।
ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশায় ইদ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ইদের শুভেচ্ছা জানিয়েছে।
বিশ্বশান্তির কামনায় ডিব্রুগড়ে শান্তিপূর্ণভাবে ত্যাগের উৎসব ইদুজ্জোহা পালন
প্রকাশিতঃ মে ২৮, ২০২৬, ১৩:৪৮