কচ্ছপিয়ার আল ফারুক ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত

প্রকাশিতঃ মে ২৮, ২০২৬, ১৪:৪০

মোঃ আবুতালেব সিকদার, রামু-কক্সবাজার প্রতিনিধি: রামু উপজেলার কচ্ছপিয়ার হাজিরপাড়া মাওলানাবাদস্থ আল ফারুক ইসলামিক সেন্টার সংলগ্ন ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামায়াতে শতাধিক মুসল্লির সমাগম ঘটে। ঈদের জামায়াত পরিচালনা করেন আল ফারুক ইসলামিক সেন্টারের চেয়ারম্যান মাওলানা মোস্তাক আহমদ।

প্রসঙ্গত, গত ৪৩ বছর ধরে আল ফারুক ঈদগাহ ময়দানে নিয়মিতভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়ে আসছে। এটি রামুর পূর্বাঞ্চলের প্রথম ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত। ঝড়, বৃষ্টি কিংবা তীব্র রোদ—সব ধরনের আবহাওয়াতেই বিভিন্ন বয়সী মুসল্লিদের উপস্থিতিতে মুখর থাকে এই মাঠ। বিশেষ করে এলাকার তরুণদের দলবদ্ধভাবে ঈদের জামায়াতে অংশ নেওয়ার একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

এছাড়াও, এই ঈদগাহ ময়দানে নারীদের নামাজ আদায়ের জন্যও পৃথক ব্যবস্থা রাখা হয়। মূলত ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান।

ঈদগাহ ময়দানের ব্যবস্থাপকরা জানান, সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে ঈদগাহ ময়দানটিকে আধুনিক ও উন্নত অবকাঠামোর আওতায় আনা প্রয়োজন। এতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই ঈদগাহ ময়দান আরও টেকসই ও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।