বেনাপোল প্রতিনিধি:
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩৬ জন বাংলাদেশী নাগরিক। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তর তালিকায় থাকা বাংলাদেশীরা বিভিন্ন সময়ে ভালো কাজের সন্ধানে বা অসচেতনতাবশত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন থানায় আটক হওয়ার পর আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন। কারাভোগের মেয়াদ শেষ হলে ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের স্বদেশে ফিরিয়ে আনা হয়।
প্রাপ্ত নথি অনুযায়ী, চেন্নাইয়ে নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে তাদের বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল এবং গত ২৬ মে ২০২৬ তারিখে FRO তিরুচিরাপল্লী (আরবান) থেকে তাদের এক্সিট পারমিট দেওয়া হয়।
ফেরত আসা ৩৬ জনের মধ্যে সিংহভাগেরই বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম ও কাহালু এলাকায়। এ ছাড়া নাটোর, নওগাঁ, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা এবং চট্টগ্রামের বেশ কয়েকজন নাগরিক এই তালিকায় রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা নাগরিকদের আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় থানা ও আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়ছে।
বেসরকারী সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এর মাঠ সমন্বয়কারী সফিকুর রহমান বলেন ফেরত আাসাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। #