আবু বক্কর সিদ্দিক, উখিয়া প্রতিনিধি:কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া শিশুর নাম পূর্ণ বড়ুয়া (৭)।
পুলিশ জানায়, আজ সকাল ১১২০ মিনিটে শিশু পূর্ণ বড়ুয়ার নিখোঁজের বিষয়টি উল্লেখ করে তার পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে উখিয়া থানা পুলিশ শিশুটিকে উদ্ধারে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে।
পরবর্তীতে দুপুর ১:১০ মিনিটে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সূত্রধর ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
উখিয়া থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত শিশুকে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সন্তানকে ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার।
