হাবিবুর রহমান-হাবিব,মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের বি,বি,জি উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এতে ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপনকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর সই করা বি,বি,জি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। তাছাড়া পদাধিকারবলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রাশেদুল ইসলাম কে সচস্য সচিব ও সুমন মিয়া কে অভিভাবক প্রতিনিধি ও আসমাউল হোসনা কে শিক্ষক প্রতিনিধি করা হয়।
নয়া এডহক কমিটির সভাপতি প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম স্বপন জানান, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শিক্ষক হচ্ছেন শিক্ষার্থীর আদর্শ। সময় মতো শ্রেণিকক্ষে উপস্থিতি, নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর এবং আধুনিক শিক্ষাপদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে হবে ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। একজন শিক্ষার্থী নিয়মিত ক্লাস না করলে তার শিক্ষাজীবনে ঘাটতি তৈরি হবেই। তাই বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবক তিন পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে। পরীক্ষার ফল প্রকাশের সময় সন্তানের খোঁজ নিলে হবে না। সন্তান কখন পড়ছে, কী পড়ছে, কার সঙ্গে মিশছে, মোবাইল ও ইন্টারনেট কীভাবে ব্যবহার করছে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের প্রযুক্তির সঠিক ব্যবহার শেখাতে হবে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। মোবাইল ও ইন্টারনেটকে আমরা শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি’র দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলীর সমন্বয়ে ধনবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপনের হাত ধরে বি,বি,জি উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ও শৃঙ্খলায় সুনামের শীর্ষ শিখরে পৌঁছবে বলে আত্মবিশ্বাস এলাকাবাসীর।
