শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হামলার প্রতিবাদে জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভে ইন্টার্ন চিকিৎসকরা

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল

হামলার প্রতিবাদে জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভে ইন্টার্ন চিকিৎসকরা

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে জরুরি চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়।

হাসপাতালে কর্মরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে জরুরি বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যায়, কর্তব্যরত অবস্থায় এক ইন্টার্ন চিকিৎসকের ওপর রোগীর স্বজন বা বহিরাগতদের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে জরুরি বিভাগের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেন, হাসপাতালে দায়িত্ব পালনকালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার, আইনানুগ শাস্তি এবং হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এদিকে জরুরি বিভাগে তালা থাকায় হাসপাতালের সামনে রোগী ও স্বজনদের ভিড় দেখা যায়। অনেকে জরুরি চিকিৎসাসেবা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেন। এতে হাসপাতালজুড়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন পুলিশ ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ঘটনাস্থলে উপস্থিত হন। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেন তারা।

আলোচনায় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের তালা খুলে দেন। এরপর হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিক হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা