শনিবার | সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জমি বিরোধে বাড়িতে হামলা, খড়ের গাদায় আগুন ও গাছ কাটার অভিযোগ

জমি বিরোধে বাড়িতে হামলা, খড়ের গাদায় আগুন ও গাছ কাটার অভিযোগ

ভালুকা, ময়মনসিংহ থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে সন্ত্রাসী হামলা, খড়ের গাদায় অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রজাতির ১৪টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

​গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের স্বজনগাঁও কানাহারী ব্রিজ সংলগ্ন এলাকায় কৃষক মাঈন উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
​
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈ ইউনিয়নের স্বজনগাঁও এলাকার ৫০ শতাংশ জমি নিয়ে স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলামের সাথে কৃষক মাঈন উদ্দিনের দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছিল। সম্প্রতি বিজ্ঞ আদালত ওই জমির রায় মাঈন উদ্দিনের পক্ষে (ডিগ্রী) দেন। আদালতের রায়ে ক্ষুব্ধ হয়ে শফিকুল ইসলাম দেশীয় অস্ত্রে সজ্জিত ২০-২৫ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ওইদিন সন্ধ্যায় মাঈন উদ্দিনের বসতবাড়িতে আকস্মিক হামলা চালায়।

​অভিযোগ রয়েছে, হামলাকারীরা তান্ডব চালানোর পাশাপাশি বাড়ির পাশে থাকা খড়ের আড়াতে (গাদায়) আগুন ধরিয়ে দেয় এবং আঙ্গিনার চারপাশে রোপণ করা ছোট-বড় ১৪টি ফলদ ও বনজ গাছের চারা কেটে সাবাড় করে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। এ ঘটনায় কৃষক মাঈন উদ্দিনের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​ক্ষতিগ্রস্ত কৃষক মাঈন উদ্দিন বলেন, “আদালতের রায় আমাদের পক্ষে আসায় শফিকুল ইসলাম ও তার লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমার খড়ের গাদা পুড়িয়ে ও গাছ কেটে বিপুল পরিমাণ ক্ষতি করা হয়েছে। আমরা বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
​
এ বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
​ঘটনার সত্যতা অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতন মহল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা