বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে মো. কেফাইতুল ভুঁইয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ ছাড়া আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) এবং পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাঁদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, শুক্রবার দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মণিপুর এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
ওসি আরও জানান, আহত কনস্টেবল মো. মোস্তফা ও মো. জুম্মানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য এক পুলিশ সদস্য ও দুই আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের অবস্থা ভালো রয়েছে বলে জানান তিনি।
