শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদুতে যুবদলের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লংগদুতে যুবদলের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লংগদু থেকে মোঃ এরশাদ আলী : লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ মোঃ ইউনুছ এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা সকল ইউনিয়ন কমিটির আহবায়ক, সদস্য সচিব ও ওয়ার্ড নেতৃবৃন্দ। প্রতিবাদে মিথ্যা ও বানোয়াট  তথ্য সম্বলিত সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ মোঃ ইউনুছ ও উপজেলা যুব দলের নেতৃবৃন্দ।

আজ শনিবার (১০অক্টোবর) দুপুর ২টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপজেলার সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ।
সংবাদ সম্মেলনে ৭টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছ দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে আসছেন। তিনি দলের নেতাকর্মীদের সাথে অশালীন আচরণ, হুমকি প্রদান, প্রকাশ্যে দলের নীতি-আদর্শ পরিপন্থী বক্তব্য প্রদান এবং নানা ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িয়ে পড়েছেন।

নেতৃবৃন্দ বক্তব্যে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন সমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাগিদ দেওয়া হলেও তিনি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন, নেতাকর্মীদের উপর চড়াও হন এবং কমিটি দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ করেন। তার বিরুদ্ধে এ ধরনের অসংখ্য আর্থিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে।

সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর আলম বলেন, লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ মোঃ ইউনুছ গুলশাখালী কমিটি অনুমোদনের নামে আমার নিকট আশি হাজার টাকা দাবী করে ইতিমধ্যে ত্রিশ হাজার টাকা নিয়েও কমিটি দিচ্ছে না,  আরও পঞ্চাশ হাজার টাকা দাবী করে আসছে। গতরাতে এবিষয়ে কথা বলার এক পর্যায়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে আমাকে মারধর করে, আমি বিষয়টি উপজেলা বিএনপি ও জেলা কমিটির সিনিয়রদের জানিয়েছি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

সংবাদ সম্মেলনে লংগদু সদর যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদ মিজি অভিযোগ করেন, ছৈয়দ ইউনুস দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে প্রশাসনিক ভাবে আমাকে চরম হয়রানি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সৈয়দ ইউনুছের দখল বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে তাকে লংগদু উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি জেলা যুবদলের উর্ধ্বতন নেতৃত্বের প্রতি বিনীত অনুরোধ জানান।

সংবাদ সম্মেলন উপজেলার ৭টি ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব এবং ৬৩টি ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৫টায় লংগদু প্রেসক্লাবে উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুছ এর বিরুদ্ধে  মিথ্যা ও বানোয়াট তথ্য সম্বলিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা  সংবাদ সম্মেলন করেছে লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ মোঃ ইউনুছ ও উপজেলা যুব দলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদলের উপজেলা সদস্য সচিব সৈয়দ ইউনুছ তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক দাবী করে বলেন, আমার বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলন করেছে, গুলশাখালী ইউনিয়নের সাবেক বহিস্কৃত যুবদলের আহবায়ক নুর আলম, লংগদু ইউনিয়ন বহিস্কৃত যুবদলের সদস্য সচিব ফয়েজ আহমেদ, ভাসান্যদম ইউনিয়ন যুবদলের আহবায়ক জাবেদ,  মাইনী ইউনিয়ন যুবদলের আহবায়ক রুহুল আমিন সহ যারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলো তারা নিজেরাই বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের কারণ হলো, গতকাল গুলশাখালী ইউনিয়ন যুবদলের সাবেক বহিস্কৃত আহবায়ক নুর আলম গুলশাখালী ইউনিয়নে যুবদলের একটি কমিটি গঠন করে আমার কাছে এসে অনুমোদন দিতে বলে। এবিষয়ে আমি জেলা উপজেলা সকল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে কমিটি অনুমোদন দিতে নিষেধ করেন। এছাড়াও কেন্দ্রীয় ভাবে এধরণের অনুমতি না থাকায় আমার পক্ষে কমিটি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। তখনি নুর আলম আমার উপর হামলা করার চেষ্টা করে।বিষয়টি আমি উপরস্থ সকলকে অবহিত করেছি। আমার মানহানি করে যে সংবাদ সম্মেলন তারা করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি সাংবাদিকদের বলেন, তারা আমার বিরুদ্ধে যাবে এটাই স্বাভাবিক।  কারণ আমার উপজেলা ও জেলা যুবদলের স্বচ্ছতার কারণে তারা অবৈধ পথে হাটতে পারছেন না। আর এসব অবৈধ কাজ মাদক সেবন, মাদক পাচার সহ নানা অনিয়মের কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।

এছাড়া লংগদু সদর ইউনিয়নের সদস্য সচিব ফয়েজ আহমেদ নিজেই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিজের ছেলের নাম না আসায় উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে তার ফেসবুক আইডি থেকে পোস্ট করে মিথ্যা প্রচারণা শুরু করে। পরে জেলা বিএনপি উপজেলা বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এতে আমার কি দোষ ?  আমি জানিনা।

সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়ন যুবদলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি হিরামন বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছ বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন সহ যে অভিযোগ সমূহ নুর আলম তুলে ধরেছে তা মিথ্যা বানোয়াট। সে নেশা গ্রস্থ অবস্থায় বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকে। আমরা এসব মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা