শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ গাজীপুরে আনসারের তৎপরতায় চুরি হওয়া মোবাইল উদ্ধার, আটক ১

গাজীপুরে আনসারের তৎপরতায় চুরি হওয়া মোবাইল উদ্ধার, আটক ১

গাজীপুর প্রতিনিধি : শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শয্যা থেকে চুরি হওয়া ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেছে দায়িত্বরত আনসার সদস্য। এ ঘটনায় মোঃ মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, অদ্য দুপুর ২:০০ টার দিকে হাসপাতালের ৮ম তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি রোগী মোঃ মোশাররফ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটি তাঁর শয্যা থেকে চুরি হয়। পরে তিনি ৩য় তলায় দায়িত্ব পালনরত পিসি মোঃ গোলাম মোস্তফা-এর কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পিসি গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্থানের ফুটেজ যাচাই করে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানের একপর্যায়ে হাসপাতালের মর্গ এলাকায় মোঃ মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোনটি ভুক্তভোগী মোঃ মোশাররফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং আটক ব্যক্তিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়। ভুক্তভোগীর বাড়ি গাজীপুরের কাশিমপুর থানাধীন কোনাবাড়ী এলাকার আমবাগ গ্রামে।

হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আনসার সদস্যের তাৎক্ষণিক পদক্ষেপ ও দায়িত্বশীলতায় চুরি হওয়া সম্পদ উদ্ধার হওয়ায় রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা