শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাংবাদিকবিহীন সাংবাদিক সম্মেলন!

সাংবাদিকবিহীন সাংবাদিক সম্মেলন!

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করার প্রত্যাশা থাকলেও ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ফ্যামিলি কার্ড বিষয়ক এক সংবাদ সম্মেলনে মহেশপুরের ঐতিহ্যবাহী মহেশপুর প্রেসক্লাবকে আমন্ত্রণ না জানানোর ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) মহেশপুর উপজেলা অডিটরিয়ামে সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড বিষয়ক এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

অভিযোগ উঠেছে, গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও মহেশপুর প্রেসক্লাবের কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি কিংবা এ বিষয়ে কোনো সংবাদও দেওয়া হয়নি। অভিযোগ অনুযায়ী, সেখানে মাত্র একজন সাংবাদিক ও তাঁর দুই সহযোগী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মুঠোফোনে মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে জানা গেছে।

এ ঘটনায় মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবর আলী বাবু ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সাংবাদিকদের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের মতে, সরকারি বিভিন্ন কর্মসূচি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজনের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের যথাযথভাবে অবহিত করা এবং তথ্য সংগ্রহের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা