বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মা ইলিশ রক্ষা অভিযান, ১০ জেলের বিরুদ্ধে মামলা

মা ইলিশ রক্ষা অভিযান, ১০ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ সময় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই, ৫০ মিটার মশারির জাল এবং দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বুধবার (২১ অক্টোবর) সকালে অভিযানের তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

নৌ পুলিশ ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, অবৈধ চায়না চাই ও মশারির জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ছয়জনকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারির জাল জব্দ করা হয়।

এ ছাড়া একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালিরচরা, ষাটনল ও বাহাদুরপুর-সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও ৪ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৭০০ মিটার কারেন্ট জাল ও দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি অভিযানে আটক ১০ জেলের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথকভাবে ছয়টি মামলা করা হয়েছে। তাঁদের আজ বুধবার চাঁদপুর আদালতে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা