বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ২

চাঁদপুর থেকে এ কে আজাদ : চাঁদপুরের শাহরাস্তিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শাহরাস্তি মডেল থানায় মামলাটি করা হয়। এতে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

এই দিন ভোরে উপজেলার চিতোষী-মুদাফ্ফরগঞ্জ সড়কে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো হয়।

দুপুরে সাজ্জাদ হোসেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ভিডিও প্রকাশ করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মিছিলের সত্যতা নিশ্চিত করে জড়িতদের আটকে অভিযান শুরু করে।

সন্ধ্যায় উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা ও সাকিলকে আটক করে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকার সুযোগ কাজে লাগিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা