বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার, নারী-পুরুষসহ ১২ জন আটক

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান, ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার, নারী-পুরুষসহ ১২ জন আটক

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-পুরুষসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৮-এমপি থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের সোনামিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ভারতীয় ৪৬৬ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

এদিকে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের কলাবাগান এলাকায় অভিযান চালায় বিজিবি। নায়েক সুবেদার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।

আটক সাত পুরুষ হলেন—নাইম মোল্লা (২২), মো. শহিদুল মুফতি (৩৫), মো. নুর নবী (২৮), শুভ বিশ্বাস (২৪), আকাশ রায় (২৩), মো. সজিব (২০) ও মো. ইমামুল হোসেন (২৬)। তাঁদের বাড়ি যশোর, সাতক্ষীরা, মাদারীপুর, নড়াইল ও ঢাকাসহ বিভিন্ন জেলায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুনশী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা