মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশির দা-য়ের কোপে বিএনপির এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত ব্যাক্তির নাম ফিরোজ(৪৫), তিনি লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের উত্তর শাখা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়ির কাশেম আলীর ছেলে এবং তিন মেয়ে ও এক ছেলের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২/১০/২৬) ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে নিজের জমিতে শিমগাছ রোপণ করে সুরক্ষার জন্য বাঁশের ঝোপ দেন। শুক্রবার জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত ওই ঝোপ কেটে ফেলেন বলে অভিযোগ রয়েছে।
জুম্মার নামাজ শেষে বিষয়টি দেখতে পেয়ে ফিরোজ তাঁকে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে এসে দা দিয়ে ফিরোজকে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ উঠেছে।
এক পর্যায়ে গুরুতর আহত ফিরোজকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে তার অবস্থার আরো অবনতি হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।
অবশেষে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ শনিবার (২৪/১০/২৬) বিকেলে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোন বক্তব্য পাওয়া যায়নি ।
