সৈয়দ সিরাজুল ইসলাম হাসানঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার পাশে জালে আটকে পড়া একটি অজগর সাপ হত্যা না করে উদ্ধারের উদ্যোগ নেন স্থানীয় সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান। তাঁর আহ্বানে ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার পূর্ব নওয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বাসা থেকে বের হওয়ার সময় রাস্তার পাশে জালে আটকে থাকা অজগরটি দেখতে পান সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান। এ সময় তিনি সাপটিকে হত্যা না করার জন্য বলেন এবং দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা।
উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
