উখিয়া কক্সবাজার থেকে আবু বক্কর সিদ্দিক : কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের বড় ধরনের ঝুঁকি এড়াতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘটনাস্থলের চারপাশ ঘিরে কাঁটাতারের বেষ্টনী দেওয়ার পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ছোট ইনানীর একটি নির্দিষ্ট ভূগর্ভস্থ অংশ থেকে অনবরত গ্যাস নির্গত হয়ে আগুনের শিখা জ্বলছিল। এই রহস্যজনক ও বিপজ্জনক ঘটনা দেখতে আশপাশের এলাকা থেকে প্রতিনিয়ত উৎসুক জনতা ভিড় জমাচ্ছিল। অগ্নিকাণ্ডের ফলে যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করে। ঝুঁকি এড়াতে পুরো এলাকা কাঁটাতারের বেষ্টনী দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলের ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ, জমায়েত বা অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গ্যাস নির্গমনের উৎস ও এর স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা টিমের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলছে।
নিরাপত্তার স্বার্থে উৎসুক জনসাধারণকে ঘটনাস্থলের কাছাকাছি না গিয়ে প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
