শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাইয়ের দুর্গম ভালুকিয়া বিদ্যালয়ের ভাগ্য বদলের আশ্বাস এমপি দীপেনের

কাপ্তাইয়ের দুর্গম ভালুকিয়া বিদ্যালয়ের ভাগ্য বদলের আশ্বাস এমপি দীপেনের

নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: দুর্গম পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াচ্ছে ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। অথচ প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেলেনি এমপিওভুক্তির সুযোগ। অবশেষে বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে এমপিওভুক্তিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা প্রতিষ্ঠানটি দ্রুত এমপিওভুক্ত করার জোর দাবি জানান। সংসদ সদস্য তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুবিমল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস মৈত্রী চাকমা, সংসদ সদস্যের পিএস রূপায়ণ চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, পরিচালনা কমিটির সভাপতি বীর চন্দ্র তঞ্চঙ্গ্যা (চৌধুরী), সাবেক সভাপতি ও কাপ্তাই বিআরডিবির চেয়ারম্যান স্বপন বড়ুয়া, ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিনয় কুমার তালুকদার, প্রধান শিক্ষক জয়মোহন তঞ্চঙ্গ্যা, সহকারী শিক্ষক যুগেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, রিপন শিকদার, রনি তঞ্চঙ্গ্যা ও সুবিমল জয় তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া উপজেলা বিএনপির সদস্য নিহার তঞ্চঙ্গ্যা, লিটন তঞ্চঙ্গ্যা, ধর্ম চরণ তঞ্চঙ্গ্যা ও সন্তোষ বড়ুয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকেই এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে শিক্ষকরা সামান্য বেতন-ভাতায় শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। সরকারি সুযোগ-সুবিধা ও এমপিওভুক্তি না থাকায় শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরাও নানা সংকটে রয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্যের দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়িত হলে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা