শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে আটক ১,০৫৯

কক্সবাজার সদর থানায় ৫৯ দিনে আটক ১,০৫৯

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর দায়িত্বকালে অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ।

এর অংশ হিসেবে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫৯ দিনে বিভিন্ন অপরাধে মোট ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে চলমান অভিযানে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী, ৮৬ জন মাদক ব্যবসায়ী এবং ৩৪০ জন মাদক সেবনকারী রয়েছেন। এ ছাড়া পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানার পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন শ্রেণিতে গ্রেপ্তার ব্যক্তিদের মোট সংখ্যা ১ হাজার ৫৯ জন। পাশাপাশি কিশোর গ্যাংবিরোধী অভিযানেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব অভিযানে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

বিশেষ করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের এ উদ্যোগ স্থানীয়ভাবে অপরাধ দমনের ক্ষেত্রে গুরুত্ব বহন করছে।

পুলিশের এ অভিযান অব্যাহত থাকলে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা