মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালিত অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নাজিরাকোনা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১১০-এর আনুমানিক ৭০০ গজ ভেতরে নাগারবিল এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচারের প্রস্তুতি চলছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে দুপুরে একটি ব্যাগ হাতে সীমান্তের দিকে যেতে দেখা যায় দুই ব্যক্তিকে। বিজিবি সদস্যরা তাদের গতিরোধ করে চ্যালেঞ্জ করলে তারা ব্যাগটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ৩২টি স্বর্ণের বার।
আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই গ্রামের মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।
বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। এসব স্বর্ণের বর্তমান আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
অভিযান সম্পর্কে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টা প্রতিহত করা হয়েছে। এ সময় স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
