মঙ্গলবার | নভেম্বর ১০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পিতা-পুত্রসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড: প্রত্যেককে ১লাখ টাকা করে জরিমানা

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যাকাণ্ড :

পিতা-পুত্রসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড: প্রত্যেককে ১লাখ টাকা করে জরিমানা

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে পিতা-পুত্রসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেও কোনো সমাধান হয়নি।

২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিলের সঙ্গে জ্যোৎস্নার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন।

পরে তারা উত্তেজিত হয়ে জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করেন। এরপর লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাকে মারধর করেন।

এ সময় জ্যোৎস্নাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে স্বজন ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্নার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জ্যোৎস্না বেগমের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা