জাহিদ হাসান মাহমুদ মিম্পা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। বুধবার সকালে মাছটি স্থানীয় এক আড়তদারের কাছে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দরে ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। পরে আড়তদার মাছটি ঢাকার বাজারে বিক্রির জন্য পাঠিয়েছেন। এরআগে মঙ্গলবার রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের জেলে মুসার মিয়াঁর নেতৃত্বে একদল জেলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। জাল তোলার সময় বিশাল আকৃতির বাঘাইরটি ধরা পড়ে। পরে মাছটি নদী থেকে ঘাটে নিয়ে এলে সেটি দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে এত বড় বাঘাইড় ধরা পড়ার ঘটনা খুব একটা দেখা যায় না। তাই মাছটি ঘাটে আনার পর একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করেন। অনেকে মোবাইল ফোনে মাছটির ছবি ও ভিডিও ধারণ করেন। বিশাল আকৃতির বাঘাইড়টির ওজন ও বিক্রয়মূল্য নিয়েও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যায়।
জেলেরা জানান, পদ্মা নদীতে এ মৌসুমে বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ মাঝেমধ্যে ধরা পড়ে। তবে ৪৭ কেজি ৪০০ গ্রাম ওজনের বাঘাইড় খুব কমই দেখা যায়। তাদের ধারণা, নদীতে পানি বাড়তে শুরু করায় বড় মাছের আনাগোনা বেড়েছে।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকারের মাছ ধরা পড়ে। এত বড় একটি বাঘাইড় ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
