বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডিব্রুগড়ে রেডক্রস সোসাইটির উদ্যোগে জ্ঞানদায়িনী সভায় মহিলাদের স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত

ডিব্রুগড়ে রেডক্রস সোসাইটির উদ্যোগে জ্ঞানদায়িনী সভায় মহিলাদের স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত

ডিব্রুগড় প্রতিনিধি : ভারতীয় রেডক্রস সোসাইটি, ডিব্রুগড় জেলা শাখার উদ্যোগে এবং জ্ঞানদায়িনী মহিলা মঞ্চের সহযোগিতায় ৭ জুন ডিব্রুগড়ের পূর্ণানন্দ পথস্থিত জ্ঞানদায়িনী সভাকক্ষে “মহিলাদের স্বাস্থ্য সচেতনতা শিবির” অনুষ্ঠিত হয়।সমাজে মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে জ্ঞান প্রদান এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর আলোকপাত করার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ডিব্রুগড়ের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ রীণা আহমেদ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে মহিলাদের স্বাস্থ্য, ক্যান্সার প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।এই কর্মসূচিটি সম্পূর্ণরূপে মহিলাদের কেন্দ্র করেই পরিকল্পিত হয় এবং এলাকার মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।ভারতীয় রেডক্রস সোসাইটি, ডিব্রুগড় জেলা শাখার সভাপতি ডাঃ পংকজ কুমার শ্রুতিকর, সম্পাদক অনুজ কুমার বরুয়া সহ সোসাইটির অন্যান্য পদাধিকারীরা, বিশেষ করে পুরুষ সদস্যরাও অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে উপস্থিত ছিলেন। আয়োজকরা এলাকার মহিলাদের এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের আহ্বান জানান এবং তাঁদের বিভিন্ন জিজ্ঞাসা ও সংশয় দূর করার জন্য বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করতে উৎসাহিত করেন।সমাজে সুস্থ নারী ও সুস্থ পরিবার গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এই শিবির মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ কারীরা উৎসাহের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে নিজেদের বিভিন্ন সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ গ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা